১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে। এই অধিবেশনে নতুন স্পিকার নির্বাচন করা হবে। সভাপতিমন্ডলীও নির্ধারণ করা হবে। গুরুত্বপূর্ণ এই অধিবেশনে সভাপতিত্ব করবেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন।
সাধারণত আগের সংসদের স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন হয়। কিন্তু দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন পলাতক ও তিনি পদত্যাগ করেছেন। আর ডেপুটি স্পিকার একাধিক মামলায় কারাবন্দি। এ কারণে সংসদের একজন প্রবীণ সদস্য অধিবেশনে সভাপতিত্ব করবেন।
১২ মার্চ বেলা ১১টায় এ অধিবেশন বসবে। পাঁচবারের সংসদ-সদস্য ড. মোশাররফ হোসেনের সভাপতিত্বে নির্বাচিত হবে সংসদের নতুন স্পিকার। এছাড়াও উত্থাপন করা হবে বিদায়ি অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো। এর আগে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন এবং শোক প্রস্তাব উত্থাপন করা হবে।
জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি অধিবেশনে সভাপতিত্ব করতে পারবেন। ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনের পর সরকারি দল এবং বিরোধী দলের আলোচনার ভিত্তিতে একজন জ্যেষ্ঠ সদস্যকে সভাপতির দায়িত্ব দেওয়ার নজির রয়েছে। এবারও সেই রীতি অনুসরণ করে ড. খন্দকার মোশাররফ হোসেনকে এ দায়িত্বে দেখা যেতে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

