তৈরি পোশাক খাতের শ্রমিকদের ঈদের বোনাস আগামী ১২ মার্চের মধ্যে পরিশোধ করতে হবে। বকেয়া মজুরি পরিশোধ করতে হবে আগামী ৭ কর্মদিবসের মধ্যে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাধারণ ছুটির প্রজ্ঞাপনের পাশাপাশি শ্রম আইন অনুসারে মালিক ও শ্রমিক পক্ষের আলোচনার ভিত্তিতে শ্রমিকদের ঈদের ছুটি নির্ধারণ করা হবে।
আজ মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) ও আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা মাহদী আমিন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাধারণ ছুটির প্রজ্ঞাপনের পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ পারস্পারিক আলোচনার মাধ্যমে শ্রমিকদের ঈদের ছুটি নির্ধারণ করবেন।
সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কল-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের আহ্বান জানান। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাসে উন্নীত করার জন্য সরকারের কাছে আবেদন জানান তারা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন ফজলে শামীম এহসান এবং টিটিসির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন।
পড়ুনঃসৌদির পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা ‘আসন্ন’, সতর্কতা মার্কিন দূতাবাসের
ইমি/


