পবিত্র রমজানের বরকতময় আবহে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘২য় হিফজুল কুরআন, হামদ/নাত ও আযান প্রতিযোগিতা-২০২৬’। ইসলামি মূল্যবোধ জাগ্রত এবং নতুন প্রজন্মকে কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কলমাকান্দা উপজেলা শাখা এই প্রতিযোগিতার আয়োজন করেছে।
স্থানীয় অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এই প্রতিযোগিতা ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জননেতা ব্যারিস্টার কায়সার কামাল এমপি এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, ১৪ রমজান (৪ মার্চ) থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী ১৭ রমজান (৭ মার্চ) পর্যন্ত।
প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা উছমান গনী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি এমএ খায়ের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, আমন্ত্রিত বিচারকমণ্ডলীর সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া মিলনায়তন জুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “কুরআন কেবল তিলাওয়াতের গ্রন্থ নয়; এটি জীবন গড়ার দিশারি, নৈতিকতার ভিত্তি ও মানবতার সম্পূর্ণ সংবিধান। নতুন প্রজন্মের কণ্ঠে যখন আল্লাহর বাণী ধ্বনিত হয়, তখন সমাজে জাগে আত্মশুদ্ধি ও নৈতিকতার নতুন প্রত্যয়।”
অনুষ্ঠানে মুফতি যাইনুল আবেদীন তার বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্ম কুরআনের সান্নিধ্যে বেড়ে ওঠার অনুপ্রেরণা পায়। নিয়মিত এমন উদ্যোগ অব্যাহত থাকলে কুরআনমুখী একটি নৈতিক ও আলোকিত সমাজ গঠন অনেক সহজতর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা বিএনপি’র সভাপতি এমএ খায়ের জানান, চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। সুন্দর ও শুদ্ধ তিলাওয়াতের মাধ্যমে অংশগ্রহণকারীরা কুরআনের হিফজ, হামদ-নাত ও আজান পরিবেশন করে বিচারকদের মুগ্ধ করছেন।
রমজানের ধর্মীয় আবহে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়দের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ১৭ রমজান প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল এমপি উপস্থিত থাকবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
পড়ুন- আজ প্রথম সেমিতে কে এগিয়ে, দক্ষিণ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড?
দেখুন- হাইকোর্ট না রাজপথ এই স্লোগান দিতে বাধ্য করবেন না: নাহিদ ইসলাম


