ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকার ফলে অচিরেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে। অর্থনীতিবিদ এড হির্সকে উদ্ধৃত করে আল-জাজিরায় প্রকাশিত খবরে এ আশঙ্কার কথা জানানো হয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক জ্বালানির অন্তত ২০ শতাংশ পরিবহন করা হয়। এই পরিমাণ জ্বালানি তেলের পরিবহন বাধাগ্রস্ত হলে পরিস্থিতি দ্রুত সংকটময় হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টনের এই লেকচারার।
এড হির্স বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হওয়া তেলের অর্ধেকও যদি সরবরাহ না হয়, অথবা সেখানে যদি মার্কিন নৌবাহিনী আর ট্যাংকারগুলোর নিরাপত্তা দিতে না পারে, তাহলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার পর্যন্ত উঠে যেতে পারে।’
তিনি বলেন, ‘এরই মধ্যে বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বাজারে এর প্রভাব দেখা গেছে। হরমুজ প্রণালি অবরোধের প্রথম দিনেই এলএনজির দাম ৪০ শতাংশের বেশি বেড়েছে। সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে প্রাকৃতিক গ্যাসের দামও প্রায় দ্বিগুণ হয়ে গেছে।’
হির্স বলেন, ‘ডিজেলের দামও অস্বাভাবিকভাবে বেড়েছে। গ্যাসনির্ভর কিছু দেশ বিকল্প হিসেবে বেশি করে পেট্রোলিয়াম কিনতে শুরু করায় যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যের সরবরাহ আদেশেও প্রভাব পড়ছে।’
এই অর্থনীতিবিদ মনে করেন, এই পরিস্থিতির বড় ধরনের প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলের অঙ্গরাজ্যগুলোর ওপর। তিনি বলেন, ‘এমন পরিস্থিতি তৈরি হলে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য তা খুবই প্রতিকূল হয়ে উঠতে পারে।’
পড়ুন: দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিরা ফিরলেন বিশেষ ফ্লাইটে
আর/


