ইসরায়েলি সীমান্তের কাছাকাছি বসবাসকারী নাগরিকদের এলাকা ছেড়ে চলে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি লাইভ প্রতিবেদনে বলেছে, শুক্রবার (৬ মার্চ) ভোরে সংগঠনটি তাদের টেলিগ্রাম চ্যানেলে হিব্রু ভাষায় একটি বার্তা প্রকাশ করে। সেখানে ইসরায়েলি বাসিন্দাদের লেবানন সীমান্ত থেকে ৫ কিলোমিটার (প্রায় ৩ মাইল) এলাকার মধ্যে থাকা শহরগুলো খালি করার আহ্বান জানানো হয়।
বার্তায় হিজবুল্লাহ জানায়, ‘লেবাননের সার্বভৌমত্ব ও সাধারণ নাগরিকদের ওপর যে সামরিক আগ্রাসন, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং যে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে; তা বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না।’
এর আগে বৃহস্পতিবার রাত থেকে ইসরায়েলি বাহিনী লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করে। হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী বৈরুতের দক্ষিণ উপশহরের বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়, যা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
উল্লেখ্য, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ১২৩ জন নিহত এবং ৬৮৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে মন্ত্রণালয়টি জানায়, এসব হামলা লেবাননের বিভিন্ন অঞ্চলে চালানো হয়েছে, যার মধ্যে রাজধানী বৈরুতও রয়েছে।
অন্যদিকে, কিছুক্ষণ আগে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, তারা তেহরানে ইরানের তথাকথিত ‘সন্ত্রাসী শাসনের অবকাঠামো’ লক্ষ্য করে ব্যাপক হামলার নতুন ধাপ শুরু করেছে।
পড়ুন: আজ শুক্রবার দুপুর পর্যন্ত আরও ১৮ ফ্লাইট বাতিল
আর/


