বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। চলমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে বৃহস্পতিবার এক সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিরাপত্তা পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। তাই বাহরাইনে বসবাসরত বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে। বিশেষ করে যেকোনো ধরনের সামরিক তৎপরতা, নিরাপত্তা অভিযান, কিংবা সংবেদনশীল ঘটনার ছবি বা ভিডিও ধারণ না করার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে। আকাশে ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার দৃশ্য, সামরিক অভিযান, সামরিক ঘাঁটি, নিরাপত্তা স্থাপনা কিংবা সামরিক যানবাহনের চলাচলের ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
দূতাবাস আরও জানায়, এ ধরনের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা, লাইভ সম্প্রচার করা বা অন্য কোনো মাধ্যমে প্রচার করা বাহরাইনের প্রচলিত আইনের পরিপন্থী এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
বাহরাইনের আইন অনুযায়ী সামরিক বা নিরাপত্তা সংক্রান্ত যেকোনো স্থাপনা, কার্যক্রম বা প্রতিরক্ষা সংশ্লিষ্ট দৃশ্য ধারণ ও প্রচার কঠোরভাবে নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
এ পরিস্থিতিতে বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দেশটির আইন-কানুন মেনে চলা, গুজব বা যাচাইবাছাইহীন তথ্য প্রচার থেকে বিরত থাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে দূতাবাস।
একই সঙ্গে কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং প্রয়োজন হলে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে।
পড়ুন: জরুরি ভিত্তিতে কুয়েতের মার্কিন দূতাবাস খালি করার নির্দেশ
আর/


