নেত্রকোনার মদন-নেত্রকোনা সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে (ধানক্ষেতে) পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে বাসের চালকের উপস্থিত বুদ্ধিতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন সড়কে পড়ে যাওয়া দুই মোটরসাইকেল আরোহী এবং অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন বাসের যাত্রীরাও।
সোমবার (৯ মার্চ) দুপুরে মদন উপজেলার মৈধাম তেলের পাম্পের পূর্ব পাশে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (নীল রঙের, পেছনে ‘নেত্রকোনা-মদন’ লেখা) মদনের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মৈধাম তেলের পাম্প এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাঁ পাশে থাকা সবুজ ধানের ক্ষেতে নেমে যায়।
দুর্ঘটনার বিষয়ে বাসের চালক পলাশ ঘটনার রোমহর্ষক বর্ণনা দেন। তিনি জানান, বাসটি স্বাভাবিক গতিতেই চলছিল। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীসহ বাসের ঠিক সামনে মূল সড়কের ওপর পড়ে যায়। চোখের সামনে পড়ে থাকা ওই দুই মোটরসাইকেল আরোহীর জীবন বাঁচাতে চালক পলাশ তাৎক্ষণিকভাবে বাসটিকে সড়কের বাঁ দিকে নামিয়ে দেন। এরপর বাসটি আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, সেটি সোজা গিয়ে পাশের ক্ষেতে নেমে যায়।
চালক পলাশ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, “ওই দুজনকে আমি বাঁচিয়েছি। গাড়ি সোজা ক্ষেতে নামিয়ে দেওয়ায় আমার গাড়ির যাত্রীদেরও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কয়েকজন সিট থেকে একটু ছিটকে পড়ে সামান্য ব্যথা পেয়েছেন, তবে গুরুতর আহত বা হাসপাতালে নেওয়ার মতো অবস্থা কারও হয়নি।”
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা বাসের যাত্রীদের নিরাপদে উদ্ধার করতে সহায়তা করেন এবং পরিস্থিতি স্বাভাবিক করেন। বাসটি হেলে না পড়ে সোজা হয়ে কাদামাটিতে আটকে যাওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাসটি উদ্ধারের প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন- আবার দাম বাড়তে যাচ্ছে এলপি গ্যাসের
দেখুন- শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ জন নারী


