দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ক্রিকেটার গ্যারি কার্স্টেনকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দুই বছরের চুক্তিতে লঙ্কান দলের দায়িত্ব নিচ্ছেন কার্স্টেন। তার দায়িত্ব শুরু হবে চলতি বছরের ১৫ এপ্রিল থেকে।
কোচিং ক্যারিয়ারে বেশ সফল কারস্টেন। ২০১১ সালে তার অধীনে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই সময় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় তারা।
ভারত অধ্যায়ের পর ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে। তার সময়েই তিন সংস্করণে বিশ্বের এক নম্বর দল হয়েছিল প্রোটিয়ারা। ফলে আন্তর্জাতিক কোচিং অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেন কারস্টেন। সবশেষ তিনি কাজ করেছেন নামিবিয়া ক্রিকেট দলের সঙ্গে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।
খেলোয়াড় হিসেবেও উজ্জ্বল ক্যারিয়ার ছিল কার্স্টেনের। ১৯৯৩ থেকে ২০০৪ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজারের বেশি রান করেন। টেস্টে ২১টি এবং ওয়ানডেতে ১৩টি শতক রয়েছে তাঁর ঝুলিতে।
শ্রীলঙ্কা দলের সামনে এখন বড় লক্ষ্য। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দলকে প্রস্তুত করাই হবে কারস্টেনের প্রধান দায়িত্ব। নতুন কোচের অধীনে দলটি আবারও ধারাবাহিক সাফল্যে ফিরবে বলে আশা করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
পড়ুন : মেসিকে বছরে কত টাকা দিতে হয়, জানালেন ইন্টার মিয়ামির মালিক


