মেহেরপুরের গাংনী উপজেলায় দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলার হিজলবাড়িয়া–সাহারবাটি সড়কের আট কবর এলাকার একটি ভুট্টা ক্ষেতের পাশ থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের ধারণা, সড়কে ডাকাতি কিংবা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এগুলো সেখানে রাখা হতে পারে।
খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করে। গাংনী থানার এসআই অঙ্কুশ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে লাল টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়। পরে সেগুলো পানিভর্তি বালতিতে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
পড়ুন- ডেপুটি স্পিকারের প্রস্তাব নাকচ করে দিয়েছে জামায়াত
দেখুন- নাগরিক অধিকারের দাবীতে হাদি চত্বরে রাজন আলীর আমরণ অনশন


