বিজ্ঞাপন

আলোচনায় কে হচ্ছেন রাষ্ট্রপতি ও সংসদ উপনেতা?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভা গঠনের পাশাপাশি সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনও সম্পন্ন হয়েছে। নিয়োগ করা হয়েছে সংসদে চিফ হুইপ ও ছয় হুইপকেও। এখন বাকি রয়েছে গুরুত্বপূর্ণ দুটি পদের নিয়োগ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাষ্ট্রপতি পদে নির্বাচন। অন্যটি হলো সংসদে সরকারি দলের উপনেতা নির্বাচন করা। ফলে এই দুটি পদের দিকেই এখন সরকারি দলের সংসদ-সদস্যদের পাশাপাশি অনেকেরই নজর। জনমনেও এ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রগুলো থেকে জানা যাচ্ছে, সংসদ উপনেতা নিয়ে এখনি খুব বেশি তাড়াহুড়ো নেই সরকারি দলে। তাছাড়া এর আগে ২০০১ সালের নির্বাচনের পর সরকারি দলে থাকতে এবং ২০১৮ সালে বিরোধী দলে থাকার সময়েও সংসদ উপনেতা করেনি বিএনপি। তবে রাষ্ট্রপতি পদ নিয়ে সরকারি দলের গণ্ডি পেরিয়ে বিরোধী দল, এমনকি জনমনেও নানা আলোচনা ঘুরপাক খাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মো. সাহাবুদ্দিন আর কতদিন থাকছেন রাষ্ট্রপতি পদে। তিনি কি স্বেচ্ছায় পদত্যাগ করবেন নাকি তাকে ইমপিচমেন্ট (অভিশংসন) করা হবে। আইন ও সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, স্বেচ্ছায় পদত্যাগ না করলে রাষ্ট্রপতিকে অপসারণ করতে সংসদের সংখ্যাগরিষ্ঠ সংসদ-সদস্যদের মতামত লাগবে।

২০০১ সাল পরবর্তী বিএনপি সরকারের সময়ে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে ইমপিচমেন্ট করার উদ্যোগ নেওয়া হলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। তবে ওই ঘটনা বিএনপি সরকারের জন্য বেশ বিব্রতকর হয়েছিল বলে এখনো অনেকে মনে করেন। ফলে আপাতত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ইমপিচমেন্ট করতে রাজি নয় বিএনপি। তবে সরকারি দল চাইলে রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করবেন এমন আলোচনা আছে সরকারি দলের মধ্যে।

সূত্র জানায়, অনেক কারণে রাষ্ট্রপতি পদে নতুন সিদ্ধান্তের জন্য সময় নিচ্ছে বিএনপি। প্রথমত, দলটি এখনই কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে রাজি নয়। দ্বিতীয়ত, এ প্রশ্নে জাতীয় রাজনীতি ও আন্তর্জাতিক পরিস্থিতির হিসাব-নিকাশের বিষয় রয়েছে। তৃতীয়ত, সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপি রাষ্ট্রপতিকে তাদের দাবি ও চাপের মুখে সরাতে চায়। ফলে বিএনপি এখনই এ প্রশ্নে তাদের দাবি না মেনে কৌশলী অবস্থান গ্রহণের পক্ষে। সর্বশেষ হিসাব হলো; এখন একজন নতুন রাষ্ট্রপতিকে নিয়োগ করা হলে বর্তমান সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ওই রাষ্ট্রপতিরও ৫ বছর মেয়াদ শেষ হয়ে যাবে। অথচ এরপর নির্বাচন অনুষ্ঠিত হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। ফলে এসব বিষয় বিএনপিকে বিশেষ বিবেচনায় রাখতে হচ্ছে।

অন্তত ৬ মাস পরে রাষ্ট্রপতি নিয়োগ করা হলে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতিই বহাল থাকবেন এমন একটি আলোচনা আছে দেশের রাজনীতিতে। ফলে সবকিছুর হিসাব-নিকাশ মিলিয়ে রাষ্ট্রপতি পদের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি।

তবে দলটির একাধিক সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদে অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য একজন নেতাকে বসানোর সম্ভাবনাই বেশি। ত্রয়োদশ সংসদের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখেন এবং তিনি নিজেই সভাপতি হিসাবে ড. মোশাররফের নাম প্রস্তাব করেন। তবে এই নেতা এখন কিছুটা অসুস্থ থাকায় তার বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি হতে পারে। একটি সূত্রের দাবি, শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি পদে সম্ভব না হলেও তাকে যথাযথ মর্যাদা দিয়ে সম্মানিত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি সূত্রের দাবি, অন্তত সরকারি প্রটোকলের আওতায় আনার জন্য মন্ত্রী পদমর্যাদায় তাকে কোনো পদ দেওয়া হতে পারে। একই ভাবে বিএনপির আরেক প্রবীণ নেতা স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকেও মন্ত্রী সমমর্যাদার কোনো পদ দিয়ে সম্মানিত করা হতে পারে।

সংসদের স্পিকার পদে ড. মঈন খানের নাম সবচেয়ে বেশি আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে স্পিকার হিসাবে বেছে নেন তারেক রহমান। একই ভাবে রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে বেশি আলোচনায় আছে ড. মোশাররফের নাম। তবে ওই পদেও কোনো চমক আছে কিনা সেটি প্রধানমন্ত্রী ছাড়া অন্য কারও জানা নেই।

কারণ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামও সম্ভাব্য রাষ্ট্রপতি হিসাবে আলোচনায় আছে। কেউ কেউ বলছেন, গয়েশ্বর চন্দ্র রায়কেও গুরুত্বপূর্ণ কোনো পদে নিয়োগ দেওয়া হতে পারে। দলটির স্থায়ী কমিটির এই নেতাকেও এখন পর্যন্ত কোনো দায়িত্ব দেওয়া হয়নি। তবে সবকিছু নির্ভর করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপরে। অনেকের মতে, স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রধানমন্ত্রী এক ধরনের চমক দেখিয়েছেন। কারণ যে দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে তারা খুব বেশি আলোচনায় ছিলেন না।

বিজ্ঞাপন

পড়ুন : বাজার স্থিতিশীল রাখতে সাপ্তাহিক ছুটির দিনও খোলা থাকবে জ্বালানি তেলের ডিপো

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন