চট্টগ্রামের পটিয়ায় উপজেলা ভূমি (এসিল্যান্ড) অফিসে সরকারি কর্মচারী পরিচয় দিয়ে প্রতারণা ও দালালির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) পটিয়া উপজেলা ভূমি (এসিল্যান্ড) অফিসে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আটক ব্যক্তি মো. লিটন রোকন উদ্দিন (৩৬) পটিয়া পৌরসভার কাজগীপাড়া এলাকার বাসিন্দা। তিনি নিজেকে সরকারি কর্মচারী পরিচয় দিয়ে নামজারি ও জমাখারিজ করে দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করে আসছিলেন।
অভিযোগে বলা হয়, ওই দিন তিনি ১৪টি নামজারি ও জমাখারিজ সংক্রান্ত কাজ নিয়ে এসিল্যান্ড অফিসে আসেন। এ সময় অফিসের নাজির ওয়াহিদুল্লাহ সিকদার তার পরিচয় জানতে চাইলে তিনি বিভিন্নভাবে হুমকি দেন এবং কাজ না করলে তার বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ করার হুমকি দেন।
পরে এক ভুক্তভোগী ফাহিমা সুলতানা এসিল্যান্ড অফিসে এসে জানান, লিটন রোকন উদ্দিন নিজেকে অফিসের কর্মচারী পরিচয় দিয়ে তার কাছ থেকে নামজারি ও জমাখারিজের কাজ করে দেওয়ার কথা বলে নগদ ৭০ হাজার টাকা নিয়েছেন।
বিষয়টি জানার পর উপজেলা ভূমি কর্মকর্তাকে অবহিত করা হলে তার নির্দেশে অফিসের কর্মকর্তারা অভিযুক্তকে আটক করেন এবং পটিয়া থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় অফিসের নাজির ওয়াহিদুল্লাহ সিকদার বাদী হয়ে পটিয়া থানায় লিটন রোকন উদ্দিনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।
এই বিষয়ে সহকারী কমিশনার ভূমি রয়া ত্রিপুরা জানান, রোকন দালাল চক্রের অন্যতম মূলহোতা। দীর্ঘদিন ধরে ভূমি অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষকে হয়রানি করে আসছিল।
পড়ুন:ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত
দেখুন:প্রতারণার শিকার হয়ে নিজেই শুরু করেন প্রতারণা
ইমি/


