নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ +১৭ মার্চ) নরসিংদী ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন।
এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, বিএনপি ব্যবসায়ীদের সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে। ব্যবসায়ীরা যাতে নির্ভয়ে ব্যবসা করতে পারে এবং কোনো ধরনের চাঁদা, সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা সৃষ্টি না করতে পারে সে জন্য আপনাদের পাশে বিএনপি রয়েছে।
তিনি আরো বলেন, চাঁদাবাজদের ব্যাপারে আপনারা আমাদের তথ্য দেবেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি দলের কোনো নেতাকর্মীও যদি এসব অপকর্মের সঙ্গে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে দ্বিগুণ ব্যবস্থা নেওয়া হবে।
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা প্রশাসক আনোয়ার হোসেন, পুলিশ সুপার মো. আব্দুলাহ আল-ফারুকসহ বিএনপির নেতাকর্মীরা।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অতিথিবৃন্দরা পারস্পরিক সম্প্রীতি, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং সামাজিক দায়িত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

