ইউরোপ সেরার লড়াইয়ের শেষ ষোলোর দ্বিতীয় লেগের দ্বিতীয় দিনে আজ নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আরও চারটি টিকিট। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বার্সা ও রেড ডেভিলদের। দুই দলই নামছে কঠিন সমীকরণের ম্যাচে। অন্যদিকে জার্মান জায়ান্ট বায়ার্ন অনেকটাই নিশ্চিন্ত, আর সিমিওনের শীর্ষরা বড় ব্যবধানে এগিয়ে থেকে মাঠে নামছে।
কাতালানরা নিজেদের মাঠে মুখোমুখি হবে নিউক্যাসেলের। প্রথম লেগে নিউক্যাসলের মাঠে ড্র হওয়ায় আজকের ম্যাচটি কার্যত নকআউট—যে দল জিতবে, তারাই উঠবে কোয়ার্টার ফাইনালে। ইতিহাস অবশ্য বার্সার পক্ষেই কথা বলছে। শেষ ষোলোতে সর্বশেষ পাঁচবারই ইংলিশ ক্লাবকে পেছনে ফেলে পরের রাউন্ডে উঠেছে ইয়ামাল-রাফিনহারা। সব মিলিয়ে শেষ ১৬ বারের ১৫ বার শেষ ষোলো পেরিয়েছে দলটি। ইউরোপীয় প্রতিযোগিতায় প্রতিপক্ষের মাঠে প্রথম লেগ ড্র করার পর ২৯ বারের ২৩ বার পরের রাউন্ড নিশ্চিত করেছে বার্সা।
অন্য ম্যাচে লিভারপুলের সামনে অপেক্ষা করছে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। প্রথম লেগে গ্যালাতাছারের মাঠে ১-০ গোলে হেরে আসায় আজ অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হবে লিভারপুলকে। তবে ঘরের মাঠে তুর্কি ক্লাবের বিপক্ষে রেকর্ড আশাবাদী করতে পারে ইংলিশ দলটিকে—ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্র। কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যান খুব একটা স্বস্তির নয়; চ্যাম্পিয়নস লিগে শেষ তিনবারই শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে রেডডেভিলরা।
অন্যদিকে টটেনহামের কাজ সবচেয়ে কঠিন। প্রথম লেগে ৫-২ গোলে হেরে যাওয়ায় সিমিয়নের দলের বিপক্ষে অন্তত চার গোলের ব্যবধানে জিততে হবে তাদের। যদিও ইউরোপীয় প্রতিযোগিতায় ঘরের মাঠে টটেনহামের সাম্প্রতিক রেকর্ড দুর্দান্ত—শেষ ২৪ ম্যাচে অপরাজিত দলটি। তবে স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষে নকআউট ইতিহাস মোটেই সুখকর নয়।
সবচেয়ে স্বস্তিতে আছে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে আতালান্তার মাঠে ৬-১ গোলের বড় জয় পাওয়ায় আজকের ম্যাচটি অনেকটাই আনুষ্ঠানিকতা। ইতিহাসও বায়ার্নের পক্ষেই—প্রতিপক্ষের মাঠে প্রথম লেগ জয়ের পর ২৯ বারের ২৮ বার পরের রাউন্ডে উঠেছে জার্মান জায়ান্টরা। অন্যদিকে আতালান্তাকে করতে হবে প্রায় অসম্ভব এক প্রত্যাবর্তন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

