প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েত কমিটির যৌথ চাপে পড়ে নারায়ণগঞ্জের বন্দরে সারোয়ার (২৫) নামে এক মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। তিনি ভবিষ্যতে মাদক ব্যবসা না করার অঙ্গীকার করে থানায় মুচলেকা দিয়েছেন।
সোমবার (২৩ মার্চ) বিকেল ৫টার দিকে স্থানীয় পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারী সারোয়ার নারায়ণগঞ্জ বন্দর থানার ২০ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার দেলোয়ার হোসেন দেলু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ওয়ার্ডে মাদক ব্যবসা বৃদ্ধির কারণে সোনাকান্দা, দড়ি সোনাকান্দা, মাহামুদনগর ও বেপারীপাড়া এলাকাসহ আশপাশে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে যায়। এতে অতিষ্ঠ হয়ে ওঠে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পাশাপাশি পঞ্চায়েত কমিটি কঠোর অবস্থান নেয়।
আত্মসমর্পণের সময় সারোয়ার বলেন, “আমার কারণে আমার পরিবার আজ বিপদের মধ্যে পড়েছে। পরিবারের কথা চিন্তা করে অন্ধকার জগৎ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাই। সবার কাছে ক্ষমা চাই এবং নতুনভাবে বাঁচার সুযোগ চাই।”
এ বিষয়ে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, আসলে কেউ যদি অনুশোচনায় ভোগে, এবং এধরণের সমাজ ধ্বংসকারী কর্মকাণ্ড থেকে নিজেকে সুধরে নিতে চায়।তাহলে আমরা এটাকে ওয়েলকাম জানাই। তিনি আমাদের মুচলেকা দিয়েছেন। এটি একটি গুড সাইন। ভবিষ্যতে যদি আবার তিনি একই কর্মকান্ড চালিয়ে যায় সেক্ষেত্রে পুলিশ তার আইনানুগ ব্যবস্থা নিবে।
পড়ুন : অপহরণের শিকার যুবলীগ নেতা ফটিকছড়িতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার


