ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের কঠোর সমালোচনা করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন। প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে ইসরাইলের নেতৃত্বে চলমান যুদ্ধ পুরো বিশ্বের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
গত মঙ্গলবার (২৪ মার্চ) আংকারায় মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, উত্তেজনা বাড়তে থাকায়—বিশেষ করে হরমুজ প্রণালীতে বিঘ্ন ঘটায়—বিশ্ব অর্থনীতি বড় ধরনের অস্থিরতার দিকে যাচ্ছে। এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে।
এরদোয়ান বলেন, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, তত নতুন নতুন জটিলতা তৈরি হচ্ছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে।
তিনি উল্লেখ করেন, বিশ্বে মোট জ্বালানি বাণিজ্যের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে হয়। ফলে সেখানে বিঘ্ন ঘটায় অনেক দেশ জ্বালানি ব্যবহার কমানোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে।তিনি জোর দিয়ে বলেন, এই যুদ্ধের অর্থনৈতিক বোঝা প্রতিদিন বাড়ছে, তাই দ্রুত যুদ্ধ বন্ধ করা জরুরি।
এরদোয়ান আরও বলেন, চলমান সহিংসতার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়া উচিত। তিনি সব দেশকে আঞ্চলিক শান্তি ও মানবতার স্বার্থে সাহসী ও কার্যকর অবস্থান নেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, তুরস্ক পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করছে এবং ভারসাম্যপূর্ণ ও নীতিগত অবস্থান বজায় রেখে ‘রাষ্ট্রীয় প্রজ্ঞা’ দিয়ে কাজ করছে। এরদোয়ান বলেন, ‘আমরা আমাদের দেশকে এই সংঘাতের আগুনের বাইরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।’ তিনি সতর্ক করেন, এই সংঘাত দীর্ঘস্থায়ী আঞ্চলিক যুদ্ধে পরিণত হওয়ার ঝুঁকি আছে।
তিনি আরও বলেন, তুরস্ক চায় না সংঘাত আরও ছড়িয়ে পড়ুক এবং দ্রুত সমাধান ও উত্তেজনা কমানোর আহ্বান পুনর্ব্যক্ত করেন। এদিকে ইরান সংঘাত বন্ধে পাকিস্তান ও মিশনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান–প্রদানে ভূমিকা রাখছে তুরস্ক।
তথ্যসূত্র: ডেইলি সাবাহ
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

