বিশিষ্ট সমাজকর্মী, স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা, নারী-অধিকারকর্মী ও আদর্শ শিক্ষক বেগম রোকেয়ার প্রয়াণে নেত্রকোনায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় নেত্রকোনা পৌরসভা মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়।
‘বেগম রোকেয়ার প্রয়াণে নাগরিক শোকসভা আয়োজক কমিটি, নেত্রকোনা’ এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নারী জাগরণ ও সমাজ উন্নয়নে বেগম রোকেয়ার আজীবন সংগ্রাম ও অবদানের কথা স্মরণ করে বক্তারা গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শোকসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। তিনি প্রয়াত বেগম রোকেয়ার সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করে বলেন, “বাল্যজীবনেই তিনি প্রথম হোঁচট খেয়েছেন। তখন থেকেই তিনি চিন্তা করেছেন শিক্ষাকে কীভাবে অর্জন করা যায়। সেই শিক্ষাকে বুকে ধারণ করে জাতি গড়ার কারিগরের দায়িত্ব নিয়েছিলেন তিনি।”
প্রান্তিক ও পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে বেগম রোকেয়ার ভূমিকার কথা তুলে ধরে এ বিএনপি নেতা আরও বলেন, “সেই জায়গা থেকে এসে তিনি চিন্তা করেছেন- আমি যেভাবে সমাজে বঞ্চিত হয়েছি বা কষ্ট পেয়েছি, পিছিয়ে পড়া নারীদের জন্য আমার কিছু একটা করতে হবে। সেখান থেকেই মূলত উনার পথচলা শুরু হয়েছিল।”
অনুষ্ঠানস্থলে আয়োজকদের পক্ষ থেকে বিশাল ব্যানারে প্রয়াত এ আলোকিত মানুষের ছবি সম্বলিত মঞ্চ তৈরি করা হয়। উপস্থিত শ্রোতারা পিনপতন নীরবতায় বক্তাদের স্মৃতিচারণ শোনেন।
উল্লেখ্য, প্রয়াত বেগম রোকেয়া বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে, বিশেষ করে নেত্রকোনায়, স্বাবলম্বী উন্নয়ন সমিতি প্রতিষ্ঠার মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করা এবং শিক্ষার প্রসারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। শোকসভায় বক্তারা তার দেখানো পথে হেঁটে সমাজকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পড়ুন : জ্বালানি সরবরাহ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নেত্রকোনা জেলা প্রশাসনের দিনব্যাপী অভিযান


