মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমানের নেতৃত্বে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি টিম দক্ষিণ শালিকা গ্রামের পশ্চিম পাড়ায় ফারাবী ট্রেডার্সে এই অভিযান পরিচালনা করে। এসময় ফারাবী ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সুফিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ভারতীয় সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামের একটি দোকানের গোডাউনে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার গোডাউন থেকে অবৈধভাবে মজুদকৃত ড্রাম ভর্তি ২৬ টি ব্যারেলে ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযান পরিচালনার সময় মজুদকৃত তেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় ফারাবী ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সুফিয়ান । এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গত কয়েকদিন ধরে মেহেরপুরের বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে জেলা পুলিশ ও প্রশাসনের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পড়ুন- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
দেখুন- বিমানবন্দরে মসজিদ মার্কেটে সন্ত্রাসী হামলার অভিযোগ, অতঃপর…


