মেহেরপুরের গাংনী উপজেলায় লরি থেকে অবৈধভাবে নামানোর সময় প্রায় সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সাহেবনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে এ ডিজেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, ঝিনাইদহ ঢ-৪১-০০৪৩ নম্বরের একটি লরি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে যাওয়ার কথা ছিল। তবে নির্ধারিত গন্তব্যে না গিয়ে লরিটি গাংনীর সাহেবনগর বাজারে থামে এবং রিপন নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে তেল নামানো হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলের কোনো বৈধ কাগজপত্র না পাওয়ায় লরি বোঝাই ডিজেল জব্দ করে থানায় নেওয়া হয়।
গাংনী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, জব্দকৃত তেলের কাগজপত্র যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন- চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে এলএনজি-এলপিজিবাহী ২ জাহাজ


