জাতীয় চলচ্চিত্র দিবস আজ (৩ এপ্রিল)। দিনটি উপলক্ষে এফডিসিতে যান একসময়ের চিত্রনায়ক ওমর সানী। কিন্তু সেখানে গিয়ে তিক্ত অভিজ্ঞতা হয় তার; ক্ষোভ প্রকাশ করেন সেখানকার বর্তমান পরিবেশ ও বহিরাগতদের দৌরাত্ম্য নিয়ে। এদিন ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে এসব নিয়ে হতাশা প্রকাশ করেন ওমর সানী।
ওমর সানী জানান, দীর্ঘ বিরতির পর চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিতে সকালে এফডিসি যান। সেখানে নিজের অভিনীত কালজয়ী সিনেমা ‘চাঁদের আলো’র ব্যানার দেখে আবেগাপ্লুত হয়ে পড়লেও সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।
সানীর অভিযোগ, এফডিসির এমডির কক্ষে অবস্থানকালে হঠাৎ ৪০-৫০ জন মানুষ সেখানে প্রবেশ করেন। বিশেষ করে একটি সংরক্ষিত (কেপিআইভুক্ত) এলাকায় এমন গণজমায়েত ও শোডাউনকে ‘বিদঘুটে’ ও ‘বিব্রতকর’ বলে অভিহিত করেন তিনি।
ভিডিওতে ওমর সানী আক্ষেপ করে জানান, মূল আয়োজনে প্রকৃত শিল্পীদের বদলে বহিরাগতদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ওমর সানী বলেন, শিবা শানু বারবার বলছিলেন, শিল্পীদের আগাতে দিন। অনুরোধ করা সত্ত্বেও বহিরাগতরা সামনের কাতার দখল করে রেখেছিল।
এছাড়া চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উজ্জ্বলসহ সিনিয়র কাউকেই সেখানে দেখতে না পেয়ে তিনি হতাশ হয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
ওমর সানী ভিডিও বার্তায় অনুরোধ করেন, চলচ্চিত্রের মানুষদের যেন তাদের মতো থাকতে দেওয়া হয়। বলেন, ‘বাইরে থেকে এসে আমাদের খাবলিয়ে বা চিমটি কাটা ঠিক না। আমরা চলচ্চিত্রের মানুষ, দিনশেষে চলচ্চিত্রকেই ভালোবাসি। দয়া করে এখানে আর শোডাউন করার চেষ্টা করবেন না।’
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

