মালয়েশিয়ার শ্রমবাজার চালু করতে উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালয়েশিয়া গিয়েছে বুধবার। সেখানে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম অভিবাসন নিয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বৈঠকে উভয় দেশ শ্রমবাজার দ্রুত পুনরায় চালু, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত এবং অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে একমত হয়েছে এবং যৌথ বিবৃতি স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায়, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতো’ শ্রী রমনান রামকৃষ্ণনের নেতৃত্বে দেশটির প্রতিনিধিদল এবং বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও এই বৈঠকে উপস্থিত ছিলেন।
যৌথ বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিনের পারস্পরিক সহযোগিতার ধারাবাহিকতায় উভয় দেশ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত শ্রম অভিবাসন নিশ্চিত করতে কাজ করবে। একই সঙ্গে মধ্যস্বত্বভোগী কমিয়ে স্বচ্ছ ও নৈতিক নিয়োগ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বৈঠকে মালয়েশিয়া জানায়, তারা একটি প্রযুক্তিনির্ভর ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সহজ হবে এবং খরচ কমবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার ‘এমপ্লয়ার পে’ নীতির আওতায় শ্রমিকদের জন্য শূন্য খরচ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ পূর্ণ সমর্থন জানিয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

