জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হওয়া গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার বিকেলে বাদ আসর নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির সূচনা হয়। এরপর নেতৃবৃন্দ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বিপণিবিতান ও বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট পৌঁছে দেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ। লিফলেট বিতরণকালে উপস্থিত সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি সরকারের দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত গণভোটের পক্ষে প্রায় ৭০ শতাংশ ভোটার তাদের রায় প্রদান করেছেন। অথচ বর্তমান সরকার মাত্র ৫১ শতাংশ ভোট পেয়ে নিজেদের সব দলীয় ও সরকারি এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে, কিন্তু দেশের ৭০ শতাংশ মানুষের দেওয়া গণভোটের রায়কে সম্পূর্ণভাবে উপেক্ষা করছে।”
তিনি আরও জোর দিয়ে বলেন, “জনগণের বৃহত্তর মতামতকে পাশ কাটিয়ে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে না। জনগণের দেওয়া সুস্পষ্ট রায়কে অবিলম্বে বাস্তবায়নের দাবিতে এবং সাধারণ মানুষকে এ বিষয়ে আরও সচেতন করতেই আমাদের লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি।”
জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ অত্যন্ত সুশৃঙ্খলভাবে নেত্রকোনা শহরের রাস্তায় নেমেছেন। তারা পথচারী, রিকশা ও অটোরিকশা চালক, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন বিপণিবিতানের দোকানি ও ক্রেতাদের হাতে প্রচারপত্র তুলে দিচ্ছেন। এসময় নেতৃবৃন্দ সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং লিফলেটে উল্লেখিত দাবিসমূহ তাদের সামনে সংক্ষেপে তুলে ধরেন।
অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের নেতৃত্বে অনুষ্ঠিত এ গণসংযোগ কর্মসূচিতে নেত্রকোনা জেলা জামায়াত ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন- এনসিপির কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনার সদস্য সচিব এবং নেত্রকোনা-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ফাহিম রহমান খান পাঠান, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মো. বদরুল আমিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জহিরুল ইসলাম, জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, নেত্রকোনা পৌর জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ওয়ালি উল্লাহ, পৌর জামায়াতের নায়েবে আমির ডা. আবুল হোসেন।
এছাড়াও কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থক এবং সাধারণ মুসল্লিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ জানান, গণভোটের রায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তাদের নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ জনসচেতনতামূলক আন্দোলন অব্যাহত থাকবে।
পড়ুন- ভোজ্যতেলের তীব্র সংকটে রাজধানীর বাজার
দেখুন- কুমিল্লায় শি\শু ধ\র্ষ\ণে\র ঘটনায় দুঃসম্পর্কের মামাতো ভাই গ্রেফতার


