বিজ্ঞাপন

মোহনগঞ্জে কৃষকদের সাথে ধান কাটলেন লুৎফুজ্জামান বাবর

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বৃহৎ ডিঙাপোতা হাওরে উৎসবমুখর পরিবেশে বোরো ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেছেন নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

শনিবার (১১ এপ্রিল) বেলা ২টার দিকে হাওরে উপস্থিত হয়ে তিনি নিজে কাঁচি হাতে ধান কেটে এ উৎসবের সূচনা করেন। এসময় তিনি আগাম বন্যার হাত থেকে হাওরের ফসল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও কৃষকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

হাওরের ফসল পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমের সাথে আলাপকালে লুৎফুজ্জামান বাবর মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, ‍“এখান পর্যন্ত যা দেখলাম, আমাদের ফসল মোটামুটি ৯০ ভাগই ভালো আছে।”

তবে হাওরের পানি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, “মাঠে জমে থাকা বৃষ্টির পানি বের করার জন্য কিছু জায়গায় বাঁধ কাটতে হচ্ছে, আবার নদীর পানি যাতে হাওরে প্রবেশ করতে না পারে সেজন্য কিছু জায়গায় বাঁধ দিতে হচ্ছে। এই কাজে আমাদের স্থানীয় লোকজন নিরলস পরিশ্রম করছেন।” পানি নিষ্কাশনের জন্য হাওরে প্রায় ৩০ থেকে ৫০টি পাম্প বসানো হয়েছে এবং সেগুলোর জন্য প্রয়োজনীয় ডিজেলের ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

হাওরের সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সাথে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন লুৎফুজ্জামান বাবর। তিনি জানান, গত ১০ থেকে ১৫ দিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মী এবং স্থানীয় প্রশাসন সম্মিলিতভাবে হাওরের বাঁধ রক্ষা এবং সেচ কাজে কৃষকদের সহায়তা করে আসছে। প্রশাসন ইতিমধ্যে বেশ কিছু সমস্যার সমাধান করেছে বলেও তিনি জানান।

ধান কাটা উৎসবের একপর্যায়ে সামাজিক অবক্ষয় রোধে কড়া বার্তা দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি স্থানীয়দের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলেন, “এলাকায় মাদক ব্যবসায়ী বা মাদকসেবীদের পেলে গণধোলাই দিয়ে সোজা পুলিশের হাতে তুলে দেবেন।”

হাওর অঞ্চলের মানুষের একমাত্র ভরসা বোরো ধান। এই এক ফসলি ধান যাতে কৃষকরা নিরাপদে ঘরে তুলতে পারেন, সেজন্য কর্মসূচির শেষ পর্যায়ে উপস্থিত সকলকে নিয়ে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করেন লুৎফুজ্জামান বাবর। আগামী ১০-১৫ দিন আবহাওয়া যেন অনুকূলে থাকে এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ যেন ফসলের ক্ষতি করতে না পারে, কান্নাবিজড়িত কণ্ঠে সেই দোয়া করা হয়।

ধান কাটা উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমসহ প্রশাসনের কর্মকর্তা, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক স্থানীয় কৃষক।

বিজ্ঞাপন

পড়ুন : হাওরের বেড়িবাঁধ হবে উন্নত প্রযুক্তির: লুৎফুজ্জামান বাবর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন