বিজ্ঞাপন

পুষ্টির বদলে বিষ? ভৈরবে স্কুল ফিডিংয়ে নষ্ট খাবার সরবরাহের অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে ‘স্কুল ফিডিং’ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে পচা ডিম, নিম্নমানের কলা ও ছত্রাকযুক্ত পাউরুটি সরবরাহের অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১১ এপ্রিল) উপজেলার রামশংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা খাবারে পচা ডিম ও ছত্রাকযুক্ত রুটি পাওয়া যায়। এসব খাবার সরবরাহ করে ‘ফাস্ট এস এস এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, শুধু রামশংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, উপজেলার আরও কয়েকটি বিদ্যালয়েও একই ধরনের নিম্নমানের ও পচা খাবার সরবরাহ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সরকারের উদ্যোগে স্কুল ফিডিং প্রকল্প চালু করা হয়েছে। ভৈরব উপজেলায় ৯১টি বিদ্যালয়ের দুই হাজার ৫০০ শিক্ষার্থী এ প্রকল্পের আওতায় রয়েছে। তবে শুরু থেকেই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ফাস্ট এস এস এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে নিম্নমানের খাবার সরবরাহ করছে বলে অভিযোগ অভিভাবকদের।

কবির হোসাইন নামের একজন অভিভাবক বলেন, ‘সরবরাহ করা ডিমের মধ্যে অনেকগুলোই পচা পাওয়া গেছে। রুটিতেও ছত্রাক ছিল। এসব খাবার খেয়ে আমাদের শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। তাদের কিছু হলে দায় কে নেবে?’

স্থানীয় বাসিন্দা আরিফুর বলেন, ‘শিশুদের জন্য সরকারের এত ভালো একটি উদ্যোগকে এভাবে নষ্ট করা হচ্ছে। যারা নিম্নমানের খাবার দিচ্ছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তা নাহলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়বে।’

এ বিষয়ে রামশংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা বেগম বলেন, ‘প্যাকেটজাত হওয়ায় সরবরাহের সময় ত্রুটি বোঝা যায়নি। বিতরণের সময় বিষয়টি ধরা পড়লে আমরা সঙ্গে সঙ্গে সরবরাহকারী প্রতিষ্ঠানকে জানাই। তারা ভবিষ্যতে ভালো মানের খাবার দেওয়ার আশ্বাস দিয়েছেন।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বলেন, “অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত খাদ্যের মান নিশ্চিত করতে কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন তারা।

পড়ুন- ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু

দেখুন- যু/দ্ধে জড়াচ্ছে রাশিয়া-ফ্রান্স? ফরাসি সেনাপ্রধানের বিস্ফোরক মন্তব্য! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন