হাম ও অন্যান্য রোগ প্রতিরোধে শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্তের দাবিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে। এতে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন দাখিল করেন।
আবেদনে বলা হয়, সম্প্রতি সারা দেশে হামের প্রাদুর্ভাব ও এতে শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। সরকারি পর্যায়ে শিশুদের হামসহ বিভিন্ন রোগের টিকার সংকট এবং এর ফলে রোগের বিস্তার ও শিশুমৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমের দায়িত্ব রয়েছে বলে রাষ্ট্রের সাধারণ নাগরিক ও কিছু স্বাস্থ্য বিশেষজ্ঞ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে মতামত দিয়েছেন।
এছাড়া আবেদনে দাবি করা হয়, বর্তমান সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে টিকা ও সিরিঞ্জ সংকটকে পূর্ববর্তী সরকারের সময়কার ব্যবস্থাপনার ঘাটতির ফল হিসেবে উল্লেখ করা হয়েছে।
পড়ুন: বাংলাদেশিদের জন্য শিগগিরই চিকিৎসা ও বিজনেস ভিসা চালু করতে পারে ভারত
আর/


