টাঙ্গাইলে প্রত্যাগত কর্মীদের জন্য রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার টাঙ্গাইলে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সেলিম মিঞা।
কর্মশালায় জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শহীদুল আলম ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মোঃ রাশেদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক এবং বিদেশ-ফেরত অভিবাসীরা উপস্থিত ছিলেন। ২০০৬ সাল থেকে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণে কাজ করে যাচ্ছে।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সেলিম মিঞা বলেন, বিদেশ-ফেরত অভিবাসীরাও আমাদের দেশের সম্পদ কারণ তাদের রেমিট্যান্সের ওপর ভর করে আমাদের দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। এ লক্ষ্যে জেলা পর্যায়ে বিদেশ-ফেরতদের একটি ডাটাবেজ তৈরি করে সকলের জন্য উন্মুক্ত রাখলে সবাই জানতে পারবেন এখানে কতজন মানুষ বিদেশ থেকে ফেরত এসেছেন আর তারা কী কী কাজে নিয়োজিত ছিলেন। সকল অংশীজনকে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের সেবাসমূহ একটি সমন্বিত প্ল্যাটফর্মের আওতায় এনে জনগণকে জানাতে হবে।
পড়ুন- পরীক্ষা শান্তিপূর্ণ হয়েছে, প্রশ্নফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী


