রাজধানীর পল্লবীর কালশী এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। তারা হলেন মোঃ রায়হান (২১), মোঃ শুভ ও মোঃ রানা ইসলাম (২২)।
শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১০:১৫ মিনিটে পল্লবীর কালশী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, জনৈক মোঃ আনোয়ার মিয়া ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানির একজন ডেলিভারিম্যান। গত ২ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ আনুমানিক রাত ১০:০০ ঘটিকায় মোঃ আনোয়ার মিয়া তার সরবরাহকৃত পণ্য সামগ্রীর নগদ টাকা সংগ্রহ করে পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকার কালশী মোড়ে ট্যাম্পু স্ট্যান্ডে রিকশাযোগে পৌঁছলে কয়েকজন দুষ্কৃতকারী তার পথ রোধ করে।

তারা দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে তার নিকট হতে ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানির নগদ ৬৫ হাজার একশত আট টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় বাদী মোঃ আনোয়ার মিয়ার অভিযোগের ভিত্তিতে পল্লবী থানায় একটি মামলা রুজু করা হয়।
থানা সূত্রে আরো জানায়, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলার ঘটনার সাথে জড়িত রায়হান, শুভ ও রানাকে গতকাল রাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা উল্লিখিত মামলার ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


