রমজানের শুরু থেকেই পর্যটকদের আনাগোনা কমেছে সাগরকন্যা কুয়াকাটায়। বেকার সময় কাটছে প্রায় ৫ হাজার শ্রমিকের। তবে ঈদকে কেন্দ্র করে আবারো জমজমাট হওয়ার আশায় আছেন পর্যটক সংশ্লিষ্টরা।
কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে চিরচেনা যানজট আর পর্যটকদের ভিড় নেই। ফাকা সড়কে দুইপাশের সব দোকানপাট বন্ধ। ফুচকা চটপটি আর রেস্তোরার চিত্র একই। খালি পড়ে আছে ২০ শতাধিক হোটেল এবং রিসোর্ট।
প্রায় চার মাস ভালো ব্যবসার পর, রমজানে পর্যটক কম কুয়াকাটায়। হোটেল রেস্তোরাঁ পরিবহনসহ সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্যে ধীরগতি। অলস সময় কাটছে ক্ষুদ্র ব্যবসায়ী, বিচ বাইক চালকসহ বিভিন্ন পেশার মানুষের।
পর্যটক না থাকায় বন্ধ হোটেল-মোটেল জোনের অনেক ব্যবসা প্রতিষ্ঠান। তবে ঈদের ছুটিতে পর্যটকদের আগমন উপলক্ষে সাজানো হচ্ছে হোটেল-রেস্তোরাঁগুলো।
দ্রতই সমুদ্রের নোনা জলে উচ্ছ্বাসে মেতে উঠবেন পর্যটকরা, প্রাণ ফিরে পাবে চিরচেনা সৈকত এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের।
পর্যটকদের বরণে প্রস্তুত কুয়াকাটা। সংশ্লিষ্টদের আশা ঈদ ঘিরে পর্যটকদের আগমন বাড়বে। কুয়াকাটা আবারও আগের মতো প্রাণচাঞ্চল্যে ভরে উঠবে।
এনএ/


