বাংলা একাডেমি সংস্কারের বিষয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সংবাদ সম্মেলন ডাকলেও সাংবাদিকদের উপস্থিতি ছিল হাতেগোনা কয়েকজন। তাই সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে।
বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে শনিবার দুপুর ২টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।
কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে পাঁচজন সাংবাদিক হাজির হন। পরে সাংবাদিকদের অপেক্ষায় আরও দেড় ঘণ্টা অপেক্ষা করা হয়। শেষমেষ আর কেউ না আসায় অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় ওই সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল। তবে সেদিন ‘অনিবার্য’ কারণ দেখিয়ে অনুষ্ঠান স্থগিতের কথা জানায় বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ। সংবাদ সম্মেলনটি শনিবার দুপুর ২টায় আয়োজনের কথা বলা হয়।
তবে অনুষ্ঠান শুরুর সময় হলে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বাংলা একাডেমি সংশ্লিষ্ট কর্মকর্তারা কয়েক মিনিট পর পর এসে সভাকক্ষে সাংবাদিকদের উপস্থিতি দেখে তথ্য দেন উপদেষ্টার দপ্তরে। দুপুর আড়াইটায় বাংলা একাডেমির মহাপরিচালক জনাপাঁচেক সাংবাদিকের উদ্দেশে বলেন, সংবাদ সম্মেলন শুরু হবে দুপুর ৩টায়।
পরে ৩টায়ও সাংবাদিকের উপস্থিতি না বাড়ায় আধা ঘণ্টা পর এসে সংবাদ সম্মেলন স্থগিত করার ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহা. খালিদ হোসেন সেসময় উপস্থিত ছিলেন।
পড়ুন : তিন সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনায় আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই : ফারুকী


