পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় ৩১ মণ ওজনের ‘তুফান’ নামের বিশাল একটি ষাঁড়। যার দাম হাঁকা হচ্ছে ১৩ লক্ষ টাকা। ধারনা করা হচ্ছে মৌলভীবাজার জেলার মধ্যে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বেশি ওজনের গরু, যা এবার কোরবানির হাট কাঁপাবে। জেলা প্রাণীসম্পদ কর্মকর্তাও জানিয়েছেন এটিই জেলার সবচেয়ে বড় গরু।
মৌলভীবাজারে কোরবানির পশুর চাহিদা মেটাতে জেলার ৭ হাজার ৩৭২টি নিবন্ধিত খামারে পশু প্রস্তুত করা হয়েছে। ফলে গবাদিপশু নিয়ে শেষ মুহূর্তে ব্যাস্ত সময় পার করছেন খামারিরা। এবার জেলার কুরবানির পশুর হাট কাঁপাতে প্রস্তুত করা হয়েছে প্রায় ৩১ মণের ওজনের একটি ষাঁড়। স্বাস্থ্য সম্মতভাবে এ ষাঁড়টি পালন করেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের পাড়ে অবস্থিত বিসমিল্লাহ শ্রীমঙ্গল এগ্রো খামার। খয়েরি-সাদা রঙের মিশেলে ফ্ল্যাকভি জাতের এ ষাঁড়টির নাম আদর করে রাখা হয়েছে ‘তুফান’। যার উচ্চতা ৫ ফিট ৮ ইঞ্চি এবং লম্বায় প্রায় ১১.৫ ফিট। ওজন মাপার মেশিনে এর ওজন ১ হাজার ১৫০ কেজি প্রায় ৩১ মণ।
স্থানীয়রা বলছেন, ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে, ততই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে বিশাল আকৃতির এই তুফান, জেলার সর্ববৃহৎ গরুটিকে একনজর দেখতে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে আসছেন দর্শনার্থী ও ক্রেতারা, বিভিন্ন ব্যাপারীরাও এসে দাম করে যাচ্ছেন। ইতিমধ্যে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন তুফান’কে কিনতে।
খামার কর্তৃপক্ষ জানায়, তুফানের খাবারে কোনো প্রকার কেমিক্যাল বা ফিড ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ দেশীয় ভেজালমুক্ত খাবার দিয়ে কোনো ধরনের রোগবালাই ছাড়া একে প্রস্তুত করা হয়েছে। কোরবানির হাটে তুফান’কে বিক্রির জন্য ১৩ লাখ টাকা দাম হাঁকাচ্ছেন খামার কর্তৃপক্ষ।
এদিকে ‘তুফান’ কে জেলার সবচেয়ে বেশি ওজনের বড় গরু বলে স্বীকৃতি দিয়েছেন মৌলভীবাজার জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো আশরাফুল আলম খান। তিনি বলেন, জেলার সবচেয়ে বড় ষাঁড় এটি, প্রাকৃতিক উপায়ে এটি বড় হয়েছে। জেলা প্রাণীসম্পদ সব সময় খামারিদের পাশে আছে। এ বছর কোরবানির ঈদকে সামনে রেখে জেলায় চাহিদার চেয়ে বেশি এক হাজার সাতশো গবাদি পশু প্রস্তুত রাখা হয়েছে।
বেকারত্ব দূরিকরণ ও কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে ইংল্যান্ড প্রবাসী মিনহাজ নাসির ‘বিসমিল্লাহ শ্রীমঙ্গল এগ্রো’ খামারটি প্রতিষ্ঠা করেন। জেলার মধ্যে এই খামারেই ফ্লেকভি জাতের বড় বড় গরু পাওয়া যায়। খামারিদের জন্য বর্তমান সময়ে সবচেয়ে লাভজনক এবং ডুয়েল পারপাস গরু হলো ফ্লেকভি। কারণ এটা মাংস ও দুধের জন্য এবং যেকোনো আবহাওয়াতে উপযোগী
পড়ুন: রাঙামাটিতে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করল প্রশাসন
দেখুন: দেশের মানুষ শিক্ষিত হোক, চায়নি বিএনপি-জামায়াত: প্রধানমন্ত্রী
ইম/


