চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখেরও বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে গালফ নিউজ। সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, এবারের হজযাত্রীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তীব্র গরম।
সৌদি আরবের মরু আবহাওয়া এবং জুন মাসের প্রচণ্ড গ্রীষ্মকাল হজযাত্রীদের জন্য উদ্বেগের কারণ। গত বছর ১৪ জুন শুরু হওয়া হজের সময় সর্বোচ্চ তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল, যার ফলে ১,৩০১ জন যাত্রী হিটস্ট্রোক ও গরমজনিত জটিলতায় মারা যান।
চলতি বছর ৪ জুন থেকে হজ শুরু হবে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সৌদি সরকার গরম মোকাবিলায় বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। ৪০টিরও বেশি সরকারি সংস্থা এবং ২.৫ লাখ কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন, যেন দাবদাহের কারণে মৃত্যু না ঘটে।
এছাড়া, ৫০ হাজার বর্গমিটার ছায়াযুক্ত স্থান, ৪০০টিরও বেশি কুলিং ইউনিট স্থাপন করা হয়েছে। মক্কা, মদিনা, আরাফাতসহ হজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ স্থানে চিকিৎসক ও নার্সদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
সৌদি আরবে গত কয়েক দিনে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আজ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৪৪ জন আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
তবে এই প্রতিকূলতার মধ্যেও হজ পালন করতে পেরে আনন্দিত বিশ্বের মুসল্লিরা।
এনএ/


