ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সক্রিয়। কাজের খবর হোক বা ব্যক্তিগত জীবনের মুহূর্ত—ভক্তদের সঙ্গে সবসময়ই তিনি তা ভাগ করে নেন। বিশ্ব বাবা দিবস (১৫ জুন) উপলক্ষে নিজের ফেসবুক প্রোফাইলে একটি আবেগঘন পোস্ট দিয়ে জানিয়ে দিলেন, তিনি আর কোনো বিতর্ক বা অসুস্থ প্রতিযোগিতায় নেই।
সেই পোস্টে অপু বিশ্বাস লিখেছেন, এখন তিনি নিজের সন্তান, পরিবার ও কাজ নিয়ে জীবন এগিয়ে নিতে চান। একজন জনপ্রিয় তারকার এমন অবস্থানকে অনেকেই দেখছেন এক পরিণত এবং আত্মমর্যাদাবান সিদ্ধান্ত হিসেবে।
সাম্প্রতিক সময়ে অপু বিশ্বাস ও শবনম বুবলীর ফেসবুক পোস্ট ঘিরে নানান গুঞ্জন তৈরি হয়েছে। কারণ, দুজনই চিত্রনায়ক শাকিব খানের সন্তানদের মা। এক পক্ষ কোনো কিছু পোস্ট করলেই আরেক পক্ষের পাল্টা প্রতিক্রিয়া যেন নিয়মে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে নিজের অবস্থান পরিষ্কার করে ১৬ জুন রাতে ফেসবুকে একটি পোস্ট দেন অপু বিশ্বাস।
পোস্টের সঙ্গে তিনি একটি ছবি শেয়ার করেন, যেখানে প্রাক্তন স্বামী শাকিব খান ও তাদের সন্তান আব্রাম খান জয়কে দেখা যায়। অপু লেখেন, সন্তানের সুন্দর শৈশব নিশ্চিত করাই এখন তার মূল লক্ষ্য। কারও এতে অস্বস্তি হলে তা তার দায় নয়।
তিনি আরও লেখেন, “আমি একজন মা, একজন অভিনেত্রী, একজন উদ্যোক্তা। ক্যামেরার বাইরে আমার জীবনটাও অন্য নারীদের মতোই নানা ব্যস্ততায় ভরা। আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না। আমার জীবনের প্রতিটি অধ্যায় সবার সামনে কেটেছে—লুকোচুরি বা নাটক করার কিছু নেই।”
ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি, আমার কোনো সাধারণ পারিবারিক পোস্ট দিলেই কাউন্টার পোস্ট বা প্রতিক্রিয়া আসে। আমি স্পষ্টভাবে জানাতে চাই, সেই অসুস্থ প্রতিযোগিতায় আমি নেই।”
অপু বিশ্বাস মনে করেন, সম্মান অর্জন করতে হয় নিজের আচরণ দিয়ে, কাউকে অপমান করে নয়। তাই তিনি এখন শুধু নিজের সন্তান, কাজ এবং ভালোবাসার মানুষদের নিয়েই থাকতে চান। তার ভাষায়, “আমি কারো সঙ্গে পাল্লা দিতে আসিনি। আমি নিজের অবস্থানেই স্বাচ্ছন্দ্যে আছি। যারা আমাকে ভালোবাসেন, পাশে থাকেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি কারো সঙ্গে নিজের ব্যক্তিত্ব হারিয়ে মিলিয়ে চলতে রাজি নই।”
অপুর এই স্ট্যাটাসকে ঘিরে সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। অনেকে বলছেন, এটি শুধু একজন তারকার ব্যক্তিগত স্ট্যাটাস নয়, বরং সমাজে নারীদের আত্মসম্মান ও ব্যক্তিস্বাধীনতার একটি সাহসী প্রকাশ।
যদিও অপু বিশ্বাস সরাসরি কারো নাম উল্লেখ করেননি, তবে অনেকেই ধারণা করছেন, পোস্টটি শবনম বুবলীকে উদ্দেশ করেই দেওয়া হয়েছে। শাকিব খানকে ঘিরে এই দুই নায়িকার দ্বন্দ্ব নতুন কিছু নয়। তবুও অপু বিশ্বাস এবার যেভাবে আত্মমর্যাদার বার্তা দিয়েছেন, তা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এনএ/


