বৃষ্টির বাধা শেষে আবারও মাঠে গড়াল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। প্রায় আড়াই ঘণ্টার বৃষ্টির কারণে দিনের খেলা কমেছে কমপক্ষে ১৮ ওভার।
গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বুধবার (১৮ জুন) দ্বিতীয় দিনে ১৩১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৪২৬ রান।
মুশফিকুর রহিম ১৬০ আর লিটন কুমার দাস ৬৭ রানে অপরাজিত থেকে ব্যাট করছেন।
এর আগে দিনের শুরুতেই ফিরে যান নাজমুল হোসেন শান্ত। আগের দিন ১৩৬ রানে অপরাজিত থাকা শান্ত এদিন আর ১২ রন যোগ করে ১৪৮ রানে ফিরে যান। আসিথা ফার্নান্দো সকাল থেকে ভালো সুইং পাচ্ছিলেন। সেই সুইং ব্যবহার করে মিড অনে ক্যাচ বানান শান্তকে। ড্যাডি সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে থামতে হয় বাংলাদেশ অধিনায়ককে।
গলে সিরিজের প্রথম টেস্টে অবশ্য বাংলাদেশের শুরুটা এতটা ভালো ছিল না। গতকাল ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনে ৩ উইকেট হারাতে হয়েছিল সফরকারীদের। স্বাগতিক শ্রীলঙ্কার হয়ে বাংলাদেশের দুশ্চিন্তা বাড়িয়েছিলেন আসিথা ফার্নান্দো এবং থারিন্দু রত্নায়েকে। এক পর্যায়ে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
সেখান থেকে টাইগারদের পথ দেখিয়েছে দুটো দারুণ জুটি। প্রথমে মুশফিক-শান্ত মিলে যোগ করেন ২৬৪ রান। এরপর লিটন-মুশফিকের জুটি এখনো ব্যাটিংয়ে আছে। সবমিলিয়ে গলে একপ্রকার দাপুটে সময় পার করছে বাংলাদেশ।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

