চুয়াডাঙ্গায় ফেনসিডিল পাচারের মামলায় ইসরাফিল (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ রবিবার (২২ জুন) দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ আল-আমিন মাতুব্বর আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ইসরাফিল দামুড়হুদা উপজেলার হরিশচন্দ্রপুর নতুন গ্রামপাড়ার মৃত ওসমান গনির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৮ আগস্ট সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ জানতে পারে, ভারতীয় ফেনসিডিল পাচার হচ্ছে। এরপর ডিবির একটি দল দামুড়হুদার উজিরপুর মাদ্রাসার সামনে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি বিছালি বোঝাই আলমসাধু চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। ডিবি পুলিশ সিগন্যাল দিয়ে আলমসাধুটি থামিয়ে তল্লাশি চালালে বিছালির নিচ থেকে লুকানো অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
ঘটনার পর রাতেই জেলা ডিবি পুলিশের এসআই আমির আব্বাস বাদী হয়ে দামুড়হুদা থানায় দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই বজলুর রহমান তদন্ত শেষে একই বছরের ১১ অক্টোবর তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
আদালত দশজন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে রোববার রায় ঘোষণা করেন। এতে ইসরাফিলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
এনএ/


