“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”-এমন প্রতিপাদ্য ধারণ করে চুয়াডাঙ্গায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টায় চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা শহরের কবরী রোড ঘুরে এসে একই স্থানে শেষ হয়।
মেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফল নিয়ে ৬টি স্টল অংশগ্রহণ করেছে। পরে অতিথিরা মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং ফলের বৈচিত্র্য উপভোগ করেন।

এ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “আপনারা দেখেছেন চুয়াডাঙ্গার উৎপাদিত নানান জাতের ফলের সমাহার নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে। প্রত্যেকটা ফলই চুয়াডাঙ্গার মাটিতে উৎপন্ন হয়েছে। মেলায় আসবেন, চুয়াডাঙ্গার ফল সম্পর্কে আপনাদের ধারণা হবে। মেলার মাধ্যমে দেশবাসী চুয়াডাঙ্গার ফল সম্পর্কে ধারণা লাভ করবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষ্ণ রায়, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, মুখ্য সংগঠক সজিব হোসেন প্রমুখ।
মেলায় দেশি প্রজাতির অনেক ফল স্থান পেয়েছে, যেগুলো আমরা অনেকে আগে দেখিনি বা চিনিও না। এই মেলার মাধ্যমে সেই ফলগুলো সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে।
মেলার অংশ হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। ২৪ জুন থেকে ২৬ জুন পর্যন্ত তিন দিনব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত।
পড়ুন : ক্ষুদ্রঋণে গতি আনতে চুয়াডাঙ্গায় বিশেষ প্রশিক্ষণ কর্মশালা


