১৮/০২/২০২৬, ২২:৪০ অপরাহ্ণ
25 C
Dhaka
১৮/০২/২০২৬, ২২:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পাওনা এক হাজার টাকার জন্য ব্যবসায়ীর মাথা ফাটালো সেনা সদস্য

পাওনা এক হাজার টাকা দিতে দেরি হওয়ায় রবিউল ইসলাম সুজন নামের এক ব্যবসায়ীর মাথা ইট দিয়ে থেতলে দিয়েছেন ছুটিতে থাকা রেদওয়ান আহমেদ নামের এক সেনা সদস্য।

বুধবার রাতে ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সুজনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা সংকটাপন্ন। ভুক্তভোগী সুজন রাইটস ফর কোস্টাল পিপল (আরসিপি) নামের একটি সামাজিক সংগঠনের সদস্য।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানায়, বুধবার রাত আটটার দিকে আমিনাবাদ ইউনিয়নের কুলসুমবাগ ৪নং ওয়ার্ড তালুকদার বাজারের পাশে অলির মোড় এলাকায় ইকরা বেকারির সামনে সুজনের উপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

আহত সুজনের ভাই সাব্বির এবিষয়ে থানায় অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম সুজন ইকরা বেকারির স্বত্বাধিকারী। আর হামলাকারী রেদওয়ান আহমেদ একজন সেনা সদস্য। তিনি ছুটিতে বাড়িতে এসেছেন। পাওনা এক হাজার টাকা দিতে দেরি হওয়ায় মারধরের অভিযোগ আনা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ইকরা বেকারীর ম্যানেজার নুরে আলম বলেন, ঘটনার দিন সন্ধ্যায় বেকারীতে এসে রেদওয়ান আহমেদ তার পাওনা এক হাজার টাকা চায়। সুজন পরে দিবেন বলে জানান। এতে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রেদওয়ান আহমেদ ইট দিয়ে সুজনের মাথায় আঘাত করে। এরপর কাঠ দিয়ে মাথায় সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
রবিউল ইসলাম সুজনের বোন সায়মা বলেন, রেদওয়ান আহমেদ বয়সে আমার ভাইয়ের ছোট, সামান্য তর্কের এক পর্যায়ে সে আমার ভাইকে বেদম মেরেছে। তার মাথায় ১৪ টি সেলাই লেগেছে।

অভিযুক্ত রেদওয়ান আহমেদ বলেন, “আমাদের পারিবারিক পাওনা টাকা না দিয়ে সুজন আমার দিকে তালা নিক্ষেপ করলে আমি আহত হই। পরে সুজনের মাথায় আমার হাতে থাকা ইটের আঘাত লাগে । এটি আমাদের পারিবারিক বিষয়, মিটিয়ে ফেলবো। নিউজ করার দরকার নাই।”

নিজে আহত দাবি করে হাসপাতালে ভর্তি হলেও তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচ তলায় ও সামনে হাটতে দেখা যায়। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : চরফ্যাশনে ব্রিজের নির্মাণ কাজ বন্ধ থাকায় এলাকাবাসীর বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন