বহুল আলোচিত চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনা করবে রাষ্ট্রীয় মালিকানাধীন চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড। দীর্ঘ ১৭ বছর তা পরিচালনা করে বেসরকারী অপারেটর সাইফ পাওয়ার টেক লিমিটেড।
আগামিকাল থেকে সরাসরি ক্রয় পদ্ধতি – ডিপিএম এর আওতায় টার্মিনালটির পরিচালনা করা হবে বলে জানায় চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ। উল্লেখ্য চট্টগ্রাম বন্দরে চারটি কনটেইনার টার্মিনালের মধ্যে সর্ববৃহৎ কনটেইনার টার্মিনাল -এনসিটি। বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ এই টার্মিনালে বছরে প্রায় ১৩ লাখ টিইইউ কনটেইনার পরিচালিত হয়। রাজস্ব আয় করে প্রায় ১,০০০ কোটি টাকা। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এনসিটি ছাড়তে হচ্ছে বেসরকারী অপারেটর সাইফ পাওয়ার টেককে। প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৭ বছর ধরে এনসিটি পরিচালনা করে আসছে।
সরকারের নীতিনির্ধারণী মহল সিদ্ধান্ত নিয়েছিল নৌ বাহিনী এনসিটি পরিচালনা করবে। তবে আইনি বাধ্যবাধকতা থাকায় নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ড্রাইডক এনসিটি পরিচালনা করবে। ইতিমধ্যে বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় তা অনুমোদন হয়েছে বলে জানান, চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের সচিব ওমর ফারুক।
বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন নাগরিককে জানায়, এনসিটি যেন আগের মতই পরিচালিত হয়। সময়ক্ষেপণ এবং অর্থখরচ না বাড়ে এই ব্যাপারে বন্দর কতৃপক্ষকে সজাগ থাকতে হবে।
এদিকে এনসিটি পরিচালনার ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানের ব্যর্থতার দায়ভার যেন বন্দরের উপর না পড়ে সেদিকে খেয়াল রেখে বন্দরের শ্রমিক কর্মচারীদের প্রশিক্ষিত করে তাদের মাধ্যমেই এনসিটি পরিচালনার উপর মত দেন বন্দর শ্রমিক দলের সাবেক প্রচার সম্পাদক হুমায়ুন কবির।
এনসিটির নিযুক্ত কর্মীরা আগের মতোই কাজ করবেন বলে জানায় চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ। এদিকে সাইফ পাওয়ার টেকের এমডি তরফদার রুহুল আমিন নাগরিককে জানান- এনসিটি দেশের সম্পদ। তা পরিচালনার ক্ষেত্রে সরকারকে সবার্ত্মক সহায়তা প্রদান করা হবে।
পড়ুন: চট্টগ্রামে ৩৮৭ হাজী নিয়ে রানওয়েতে আটকা উড়োজাহাজ
এস/


