ভোলার গ্যাসভিত্তিক কল-কারখানা স্থাপন, ঘরে ঘরে গ্যাস সংযোগ, ভোলা-বরিশাল সেতু, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালসহ ৬ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বরাবর আবেদনপত্র জমা দিয়েছে ‘আমরা ভোলাবাসী’ নামক একটি নাগরিক সংগঠন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর সেতু ভবনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনউদ্দিনের মাধ্যমে আবেদনপত্র হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুর রউফ, ‘আমরা ভোলাবাসী’র আহ্বায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও মোবাশ্বিরুল হক নাঈম, সদস্য সচিব মীর মোশারেফ অমি এবং সদস্য মেহেদি হাসান ও শরীফ হাওলাদার।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে ভোলাবাসী তাদের যৌক্তিক ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে আসছে। দাবি পূরণে পূর্বের সরকার কোন উদ্যোগ না নিলেও, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এর আগেও প্রধান উপদেষ্টার বরাবর একাধিকবার স্মারকলিপি দেওয়া হয়েছে।
গত ১৪ জুলাই সেতু ভবনে এবং ৮ মে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনউদ্দিন ভোলাবাসীর সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে তিনি দাবি গুলোর যৌক্তিকতা স্বীকার করে আশ্বাস দিলেও এখনো বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করে সংগঠনটি।
‘আমরা ভোলাবাসী’র পক্ষ থেকে স্মারকলিপিতে দাবি করা হয়, ভোলার গ্যাস দিয়ে স্থানীয় পর্যায়ে শিল্প-কলকারখানা গড়ে তুলতে হবে, প্রতিটি ঘরে গ্যাস সংযোগ দিতে হবে, বিদ্যুৎ সঞ্চালন লাইন উন্নয়নের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া, ভোলায় সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ভোলার সদর উপজেলার শিবপুর, ধনিয়া, রাজাপুর এবং দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়ন নদীভাঙনে হুমকির মুখে রয়েছে। এসব এলাকা রক্ষায় ৭৩০ কোটি টাকার একটি প্রকল্প ইতোমধ্যে মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে, সেটি দ্রুত বাস্তবায়নও দাবি করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, সুন্দরবন গ্যাস কোম্পানিতে যেসব গ্রাহক চাহিদাপত্র অনুযায়ী অর্থ জমা দিয়েছেন, তাদের দ্রুত গ্যাস সংযোগ দিতে হবে। এছাড়া ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও যন্ত্রপাতি সরবরাহের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।
সংগঠনের সদস্য সচিব মীর মোশারেফ অমি জানান, ভোলাবাসীর দীর্ঘদিনের আশা পূরণে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ এখন জরুরি। জনগণের এই ন্যায্য দাবিগুলো অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
পড়ুন: ভোলায় যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
এস/


