খাগড়াছড়িতে ৮ম শ্রেণীর এক পাহাড়ি শিক্ষার্থীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন।
শুক্রবার (১৮ জুলাই) সকালে জেলা শহরের রাঙামাটি কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি জেলাপ্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে পুনরায় জিমনেসিয়াম প্রাঙ্গণে ফিরে আসে এবং জিমনেসিয়ামের সামণের সড়কে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা কমিটির সহ-সভাপতি কবিতা চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন- পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ম্রানুসিং মারমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটির জেলার সাংগঠনিক সম্পাদক সুনীতি বিকাশ চাকমা ও বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক জৈসাইনুং মারমাসহ অন্যরা।
এসময় বক্তারা বলেন, পাহাড়ি নারীরা নিজের ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়। প্রতিনিয়ত ধর্ষণের শিকার হওয়া যেন নিত্তনৈমিত্তিক কারণ হয়ে দাঁড়িয়েছে। পাহাড়ের যতগুলো ধর্ষণ, হত্যার ঘটনা ঘটেছে; তার একটিও সঠিক বিচার হয়নি। সরকার পটপরিবর্তনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শাসন-শোষন নিপীড়ন বন্ধ হবে চুক্তি বাস্তবায়নে অন্তবর্তী সরকার কার্যকরি পদক্ষেপ গ্রহণ করবে বলে পাহাড়ের মানুষ আশা করেছিল, কিন্তু সেই আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি। চুক্তি বাস্তবায়ন হচ্ছে না বলে পাহাড়ে ধর্ষণ, গুম, হত্যার ঘটনা ঘটে চলেছে। অবিলম্বে ধর্ষণের ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি ও পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
প্রসঙ্গত, গত ২৭ জুন খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নে ৮ম শ্রেণীর এক পাহাড়ি শিক্ষার্থী ‘সংঘবদ্ধ ধর্ষণের’ শিকার হয়। তবে তার পরিবার গত বুধবার (১৬ জুলাই) রাতে ঘটনাটি জানতে পারে। সে দিনরাতেই ভিকটিমের বাবা থানায় মামলা করে। মামলার পর বুধবার রাতে অভিযুক্ত ৬ জনের চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পড়ুন: গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাঙামাটিতে এনসিপির বিক্ষোভ মিছিল
এস/


