ক্রিকেটপ্রেমীরা যেমনটা ভেবেছিলেন, ওভাল টেস্টের শেষ দিনে ঘটলোও ঠিক তেমনটাই। শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৩৫ রান, অন্যদিকে ভারতের দরকার ছিল ৪ উইকেট। শেষ পর্যন্ত সিরাজের আগুনে বোলিংয়ে ভারতের কাছে হার মানতে হলো ইংল্যান্ডকে।
ওভাল টেস্টের শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৩৫ রান, অন্যদিকে ভারতের জিততে হলে নিতে হবে ৪ উইকেট। এমতাবস্থায় ইংল্যান্ডের সামনে দাঁড়িয়ে ছিল ১২৩ বছরের পুরোনো রেকর্ড। এর আগে ১৯০২ সালে কেনসিংটন ওভালে সর্বোচ্চ ২৬৩ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে। তাই এ ম্যাচ জিততে হলে রেকর্ড করেই জিততে হবে ইংলিশদের। কিন্তু সেই রেকর্ড করতে ব্যর্থ হলো ইংল্যান্ড।
ওভালে ৩৭৪ রানের লক্ষ্যটা ভালোই বড়, তাই জয় তুলে নেয়াটা যে মোটেও সহজ হবে না তা অনুমেয়ই ছিল। তবে বিশাল রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেই দ্রুত রান তুলতে থাকেন ইংল্যান্ডের ব্যাটাররা।
তবে ১০৬ রানেই ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। পরে চতুর্থ উইকেট জুটিতে ২১১ বলে ১৯৫ রান যোগ করে জো রুট ও হ্যারি ব্রুক। দুজনেই তিন অঙ্কের ঘর স্পর্শ করে আউট হন। ১৫২ বলে ১০৫ রান করেন রুট, ব্রুক করেন ৯৮ বলে ১১১ রান।
দিনের শেষ দিকে বেথেল ও জেমি স্মিথকে থিতু হওয়ার আগেই সাজঘরে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তুলেন ভারতীয় বোলাররা। প্রসিদ্ধ কৃষ্ণার বলে সরাসরি বোল্ড আউট হয়ে ফেরার আগে বেথেলের ব্যাট থেকে আসে ৩১ বলে ৫ রান। আর জেমি স্মিথ আউট হন সিরাজের বলে উইকেটের পেছনে ধ্রুব জুড়েলের হাতে ক্যাচ দিয়ে।
চতুর্থ দিনের শেষ বিকেলে অবশ্য বাগড়া দিয়েছিল বৃষ্টি। তবে সে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে চতুর্থ দিন শেষ করে ইংল্যান্ড। জয় থেকে তখন মাত্র ৩৫ রান দূরে ছিল স্বাগতিকরা।
পঞ্চম দিনের সকালেই হুড়মুড় করে ভেঙে পড়লো ইংল্যান্ড। সিরাজের তোপের মুখে হারতে বাধ্য হয়েছে ইংলিশরা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

