আকাশভরা মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি—তবু থেমে থাকেনি পথচলা। প্রকৃতির বৈরী আবহাওয়াকে যেন অগ্রাহ্য করেই আখাউড়ার শ্রমিকরা নেমেছেন রাস্তায়, নিজেদের দিনটি নিজেদের মতো করে উদযাপন করতে। মহান মে দিবসে তাঁদের কণ্ঠে ছিল অধিকার ও মর্যাদার সুর, পায়ে ছিল দৃঢ়তার ছন্দ।
শুক্রবার (১ মে) সকাল ১১টার দিকে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পৌর শহরের সড়কবাজার মুক্তমঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। বৃষ্টিভেজা সড়কে রঙিন ব্যানার আর স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর ঘুরে লালবাজার হয়ে সংগঠনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালির পর অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা। সাধারণ সম্পাদক মো. আলামিন ভূইয়ার সঞ্চালনায় সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং জীবনের মৌলিক চাহিদা পূরণের দাবি তুলে ধরেন। তাঁদের কণ্ঠে উঠে আসে দীর্ঘদিনের বঞ্চনা ও প্রত্যাশার কথা।
বৃষ্টির ফোঁটা গায়ে মেখে, কাদামাখা পথে হেঁটে শ্রমিকদের এই অংশগ্রহণ যেন এক প্রতীক—সংগ্রাম থেমে থাকে না, প্রতিকূলতাই তাকে আরও দৃঢ় করে তোলে। মে দিবস তাই শুধু একটি দিন নয়, এটি শ্রমিকের অধিকার আদায়ের অনন্ত যাত্রার এক স্মারক হয়ে রইল আখাউড়ার আকাশে।
পড়ুন:জিয়াউর রহমানের ত্রিপক্ষীয় শ্রমনীতি শ্রম কল্যাণের ভিত্তি মজবুত করেছে: রাষ্ট্রপতি
দেখুন:‘ঋণ খেলাপি’ নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী
ইমি/


