শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ডিজিটালাইজেশনের দিকে যেতে হবে। এ কাজে আপনাদের এগিয়ে আসতে হবে।
আজ বুধবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের সংকট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায়। এ কারণে স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন মিলিয়ে ক্লাস নেওয়া হচ্ছে, যা নিয়ে সমালোচনাও রয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করেছেন। প্রায় ৭০০ থেকে ৮০০ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ে কেউই অনলাইন ক্লাসের পক্ষে মত দেননি।
“আমি নিজেও অনলাইন ক্লাস চাই না। কিন্তু বৈশ্বিক বাস্তবতায় আমাদের সেই দিকেই এগোতে হচ্ছে,”—যোগ করেন তিনি।
এ সময় শিক্ষামন্ত্রী জানান, কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, দেশের স্কুল-কলেজগুলোকে পর্যায়ক্রমে সোলার এনার্জির আওতায় আনা হবে। এছাড়া জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগের বিষয়েও কাজ চলছে।
পড়ুন: আগামী ২ মাসেও দেশে তেলের সংকট হবে না: জ্বালানি মন্ত্রণালয়
আর/


