ইরান ও লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করার পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান ইয়াল জামির। বুধবার (১৫ এপ্রিল) আইডিএফের মুখপাত্র এফি দেফ্রিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আইডিএফ মুখপাত্র জানান, সেনাপ্রধান লিতানি নদীর তীর পর্যন্ত দক্ষিণ লেবাননের সব অঞ্চলকে ‘হিজবুল্লাহ সন্ত্রাসীদের জন্য কিলিং এরিয়া’ হিসেবে ঘোষণা করেছেন। তিনি দাবি করেন, লেবাননে চলমান অভিযানে এ পর্যন্ত হিজবুল্লাহর ১ হাজার ৭০০-এর বেশি সদস্য নিহত হয়েছে।
দেফ্রিন বলেন, “হিজবুল্লাহ যেখানেই লুকিয়ে থাকুক, তাদের নির্মূল করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে, সংঘাতের মধ্যে লেবাননের জন্য জরুরি সহায়তা ও ত্রাণ পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ শরণার্থী সংস্থা প্রধান বারহাম সালিহ। তিনি বলেন, চলমান সংঘাতে দেশটিতে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ।
এএফপির বরাত অনুযায়ী, লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালামের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, “লেবানন সহিংসতার পুনরাবৃত্ত চক্রে আটকে থাকার যোগ্য নয়; এটি সমর্থন ও স্থিতিশীলতা পাওয়ার যোগ্য।”
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
পড়ুন: আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগ, তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
আর/


