ঈদের ছুটিতে সপরিবারে বাড়ি ফেরা হলো না এনজিওকর্মী শরিফুল ইসলামের। লালমনিরহাটের পাটগ্রামে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী ও এক শিশুসন্তানসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তাদের আরেক শিশু কন্যা।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ সংলগ্ন মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম (৩৫) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা। তিনি পাটগ্রামের একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। তাৎক্ষণিকভাবে নিহত স্ত্রী ও ছেলের নাম জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদের ছুটিতে সপরিবারে উদযাপনের জন্য আজ সকালে স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে পাটগ্রাম থেকে দিনাজপুরের নিজ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন শরিফুল ইসলাম। তাদের বহনকারী মোটরসাইকেলটি মির্জারকোট মডেল মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ঘাতক ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়।
ট্রাকের ভয়াবহ এই ধাক্কায় ঘটনাস্থলেই শরিফুল ইসলাম, তার স্ত্রী এবং শিশুপুত্রের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাদের মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। আহত একজনকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় ও তথ্য সংগ্রহের কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন:ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত
দেখুন:প্রতারণার শিকার হয়ে নিজেই শুরু করেন প্রতারণা
ইমি/


