কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আরও এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ইসমাইল হোসেন ওরফে জনি (২৮) নামের ওই আসামি কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক আবিদা সুলতানা মলির আদালতে এই জবানবন্দি দেন।
এর আগে এই হত্যাকাণ্ডের ঘটনায় চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। তাঁরা বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে।
রিমান্ডে তিন দিন জিজ্ঞাসাবাদ শেষে আজ বেলা সাড়ে তিনটার দিকে ইসমাইলকে আদালতে হাজির করা হয়। এর আগে গত সোমবার রাতে বিচারক আবিদা সুলতানা মলি শুনানি শেষে তাঁর রিমান্ড মঞ্জুর করেন।
ইসমাইলের বাড়ি কুমিল্লা শহরতলির ধর্মপুর এলাকায়। আজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর আদালত তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেল পাঁচটার দিকে তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার কোটবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) টিটু কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
২৭ এপ্রিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন চার আসামি। তাঁরা হলেন ধর্মপুর এলাকার মো. সোহাগ (৩৪), মো. সুজন (৩২), আমড়াতলী এলাকার এমরান হোসেন ওরফে হৃদয় (৩৪) ও আড়াইওড়া এলাকার রাহাত হোসেন ওরফে জুয়েল (২৭)। গত রোববার রাতে কুমিল্লা নগরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র্যাব।
পড়ুন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন


