চট্টগ্রামের পটিয়ায় সাম্প্রতিক সময়ে গরু ও মহিষ চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় খামারিরা। এসব ঘটনা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ প্রেক্ষিতে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের সঙ্গে শনিবার রাতে মতবিনিময় করেছেন পটিয়া ডেইরী ফার্ম অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। বৈঠকে ডেইরী খাতের উন্নয়নের পাশাপাশি খামারিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলে ধরা হয়।
মতবিনিময়কালে এমপি এনাম বলেন, সরকার সবসময় কৃষক ও খামারিদের পাশে রয়েছে। ডেইরী ফার্ম ব্যবসায়ীরা যাতে নিরাপদে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি চুরি-ডাকাতি প্রতিরোধে খামারিদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সাম্প্রতিক চুরি-ডাকাতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রাসেল বলেন, গরু ও মহিষ চুরি বেড়ে যাওয়ায় খামারিরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেককে রাতে জেগে পাহারা দিতে হচ্ছে। তবুও সশস্ত্র ডাকাতদল এসে গরু লুট করে নিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে এসব ঘটনাকে ডাকাতির পরিবর্তে চুরি হিসেবে দেখানোর প্রবণতা দেখা যাচ্ছে, যা ভুক্তভোগীদের হতাশ করছে।
অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ শফিউল আলম, শফিকুল ইসলাম, আনিস আহম্মদ, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, সহ-সম্পাদক মো. ইমরান, মহিলা সম্পাদিকা ফারহানা ইয়াছমিন, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এবং সদস্য শহিদুল ইসলাম, আব্দুল মান্নান, মোহাম্মদ আনিস, আব্দুল কুদ্দুসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পড়ুন- পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী


