গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় অবৈধভাবে লাইসেন্স ছাড়া খোলা বাজারে ডিজেল বিক্রির অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬/০৪/২০২৬) ইং জেলা এনএসআই গাজীপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে কাশিমপুর থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের পুকুরপাড় এলাকায় পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আদনান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ৬টা ৪০ মিনিট পর্যন্ত মেসার্স মনির ইঞ্জিনিয়ারিংয়ের প্রোপাইটর মো. আলামিনের দোকানে অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্সবিহীনভাবে প্রতি লিটার ডিজেল ১৬০ টাকা দরে বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দোকানটিতে আনুমানিক ৯৫০ থেকে ১০০০ লিটার ডিজেল মজুদ পাওয়া যায়।
পরবর্তীতে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে ৭টা পর্যন্ত একই এলাকার ফরহাদের দোকানে অভিযান চালিয়ে একই অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ দোকানে প্রায় ৫০০ লিটার ডিজেল মজুদ ছিল।
সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

