জামালপুরের ইসলামপুরে গোরস্থানের নাম ব্যবহার করে জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে পৌর এলাকার টংগের আগলা গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ভুক্তভোগী শওকত আলীর কন্যা মেরী আক্তার অভিযোগ করেন, টংগের আগলা মৌজার উত্তরপাড়া রেললাইন সংলগ্ন ৩৬ শতাংশ জমি তারা বৈধ সাফ-কবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন। তবে পরবর্তী জরিপে ভুলবশত জমিটি তাদের তিন চাচার নামে রেকর্ড হয়। এ নিয়ে আদালতে মামলা চলাকালে আংশিক সংশোধন হলেও অবশিষ্ট জমি নিয়ে বিরোধ অব্যাহত থাকে।
তিনি জানান, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অভিযুক্তরা জমির একটি অংশ অন্যদের কাছে বিক্রি করে এবং পরে স্থানীয়দের কাছ থেকে অর্থ সংগ্রহ করে জমিটিকে গোরস্থান হিসেবে ব্যবহার শুরু করে। ইতোমধ্যে সেখানে একাধিক কবর দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
মেরী আক্তারের ভাষ্য, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত তাদের পক্ষে ডিক্রি প্রদান করলেও প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলে রেখেছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। এমনকি জমিতে গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী পরিবার জানায়, তারা ভূমি অপরাধ আইনে মামলা দায়ের করেছেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জিয়াউল হকসহ সংশ্লিষ্টরা দাবি করেন, তারা বৈধভাবে জমি ক্রয় করে সেখানে গোরস্থান স্থাপন করেছেন। তাদের মতে, বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
পড়ুন- ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশু মারা গেছে
দেখুন- পশ্চিমবঙ্গে নির্বাচন: ভোটার তালিকায় নাম উঠাতে মায়ের খোঁজে বিলাসী!


