চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত এবং আরও ৬১ জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরে উদ্ধার তৎপরতায় শত শত কর্মী অংশ নেন। ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের হুনান প্রদেশের লিউইয়াং শহরের হুয়াশেং ফায়ারওয়ার্কস কারখানায় স্থানীয় সময় সোমবার (৪ মে) বিকেল ৪টা ৪০ মিনিটে এই বিস্ফোরণ ঘটে।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা কারখানার আশপাশের ৩ কিলোমিটার এলাকার মধ্যে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে প্রায় ৫০০ জন কর্মী মোতায়েন করা হয়েছে। ভবনের ভেতরে আটকে পড়াদের খুঁজে বের করতে রোবটও ব্যবহার করা হচ্ছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের পর পুলিশ ঘটনাটির কারণ অনুসন্ধান শুরু করেছে এবং কারখানাটির দায়িত্বে থাকা ব্যক্তির বিরুদ্ধে ‘নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা’ নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কারখানা এলাকায় থাকা দুটি গানপাউডার গুদাম উদ্ধারকাজ চলাকালে উচ্চ ঝুঁকি তৈরি করছিল। তাই দ্বিতীয় দফা বিস্ফোরণ এড়াতে পুরো এলাকা ভিজিয়ে রাখা এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিবিসি জানায়, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে কারখানার পাশের একটি আবাসিক ভবনের জানালার কাচও ভেঙে যায়। সিসিটিভির এক প্রতিবেদক ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পড়ুন: ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে: ট্রাম্প
আর/


