চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ায় আবারো সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার আমিরাবাদ স্টেশন এলাকায় এ কর্মসূচি শুরু হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত, অবরোধ চলছিল এবং মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ করে দিলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।
প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা অবরোধকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও তারা তা মানেননি।
আন্দোলনকারীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বর্তমানে একপ্রকার মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে লবণবাহী যানবাহনের কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়ে, পাশাপাশি বিভিন্ন স্থানে তীব্র বাঁক ও ঢালু অংশ দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
তাদের অভিযোগ, বারবার আশ্বাস দেওয়া হলেও মহাসড়কটি ছয় লেনে উন্নীত করতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই দ্রুত সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি জানান তারা।
পড়ুন- যুক্তরাষ্ট্রের ‘উসকানিমূলক পদক্ষেপ’ নিয়ে আরাগচি-ল্যাভরভের ফোনালাপ


