জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অ্যালামনাই ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি স্মৃতিচারণ করে বলেন, “কিছু মানুষ সংগঠন ও সাংগঠনিক কার্যক্রমের জন্য তৈরি হন। তারা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে সংগঠনের জন্য কাজ করে যান। এমন ব্যক্তিদের নেতৃত্বে আনা প্রয়োজন।”
তিনি আরও বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা দেওয়ার দাবিতে সে সময়ের বিভিন্ন ছাত্রনেতা একমঞ্চে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছিলেন। সেই ঐক্যের ধারাবাহিকতায় অ্যালামনাইদেরও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শরীফ মোশাররফ হোসেন।
উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, “অ্যালামনাইদের দল-মতের ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এগিয়ে আসতে হবে।” তিনি জানান, অর্থনীতি বিভাগের অ্যালামনাইদের মধ্যে বিগত জাতীয় সংসদ নির্বাচনে একাধিক সদস্য সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, যা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের।
তিনি আরও ঘোষণা দেন, আগামী বিশ্ববিদ্যালয় দিবসের আগেই কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হবে।
উপাচার্য বলেন, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৫ সালের ২ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘোষণার মাধ্যমে এ প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেন। এ কারণেই আগামীতে ২ নভেম্বর ‘ঘোষণা দিবস’ ও ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস’ একসঙ্গে পালন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “যে কোনো বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও শক্তির অন্যতম ভিত্তি তার অ্যালামনাই। অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের জন্য বড় অর্জন।” তিনি আশা প্রকাশ করেন, অ্যালামনাইরা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে বিশ্ববিদ্যালয় আরও গতিশীলভাবে এগিয়ে যাবে।
ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আনন্দ ও আবেগঘন মূহুর্ত তৈরি হয়।
পড়ুন : নতুন শিক্ষা কারিকুলামে কোনো ভেদাভেদ থাকবে না : ববি হাজ্জাজ


